মনোহরদীতে জমি বিরোধে বিএনপি নেতার মৃত্যু: চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মর্মান্তিক হত্যাকাণ্ড
নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাস্তার নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৪) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামের মিজান মিয়ার সাথে তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তার গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ ওরফে ‘পিংকির বাপ’ সেই সিদ্ধান্ত মেনে নেননি।
শনিবার দুপুরে ওই বিরোধপূর্ণ রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে শহীদুল্লাহ এবং তার ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজানের ওপর হামলা চালান। তাদের লাঠির আঘাতে মিজান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে উপস্থিত স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”









