‘মিথ্যা মামলায় সাংবাদিক শাকিলকে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়’: জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ
বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাসহ বিভিন্ন পর্যায়ের কর্মী, সমর্থক ও সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমীন শাহীন এবং সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন সাংবাদিক শাকিলের অবিলম্বে মুক্তি দাবি করে বলেন, একজন সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর ওপর এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক।
বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতামত ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে আইনের অপব্যবহার বন্ধ করা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা জানান, গতকাল ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকা থেকে কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করে নরসিংদীর মনোহরদী (মনোহরপুর) থানায় নিয়ে যাওয়া হয়। তাঁরা এই অন্যায় গ্রেপ্তারের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মো. তুষার রহমান, যুগ্ম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মাহফুজুর রহমান এবং চট্টগ্রাম জেলা আহ্বায়ক ফয়েজ আহমেদসহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।









