শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সফিকুল আলম।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সফিকুল আলম জেলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা ভূষিত হয়েছেন। প্রধান অতিথি ও জেলা প্রশাসনের অতিথিবৃন্দ তাঁর হাতে এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও ক্রেস্ট হস্তান্তর করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
শিক্ষকতা পেশায় বিশেষ অবদান এবং শিক্ষার্থীদের আলোকবর্তিকা হিসেবে নিরলস ভূমিকা রাখার জন্য মুহাম্মদ সফিকুল আলমকে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুধীজন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তারা গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।









