বিএনপি আজ দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ দল: খায়রুল কবির খোকন
বিএনপি আজ দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ দল: খায়রুল কবির খোকনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আজ নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বর্তমানে তাদের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের হাল ধরেছেন। তিনি আরো বলেন, নির্বাচনের পর মাত্র ছয় মাসের মধ্যেই তারেক রহমান তার দেওয়া ৩১ দফার ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে যাচ্ছেন। জনগণের কল্যাণে তার নেওয়া পদক্ষেপগুলো দেশবাসী গ্রহণ করেছে এবং লক্ষ লক্ষ মানুষ আজ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।
সমাবেশ শেষে ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী স্টেশন রোডে গিয়ে শেষ হয়। আয়োজনে জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, ভিপি জলিল ও যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









