নরসিংদীর বেলাবতে এ্যাব-এর উদ্যোগে ১৫শ কৃষকের মাঝে বোরো ও সরিষার বীজ বিতরণ
কে.এইচ. নজরুল ইসলাম, নরসিংদী:
নরসিংদীর বেলাবতে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই বীজ সহায়তা প্রদান করা হয়।
শনিবার দুপুরে বেলাব পাইলট মডার্ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ শ কৃষকের হাতে এই বীজ তুলে দেওয়া হয়।
বেলাব পাইলট মডার্ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কয়সার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ্যাব-এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ মতিউর রহমান এবং বেলাব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, কৃষক দলের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে উন্নতমানের বোরো ধান ও সরিষার বীজ তুলে দেন।









