উদ্ভাস মেধা বৃত্তি পরীক্ষায় দেশসেরার তালিকায় গন্ডারদিয়ার সাফওয়ান তুলিব
উদ্ভাস আয়োজিত দেশব্যাপী মেধা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাফওয়ান তুলিব। মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৯২.৫ নম্বর পেয়ে জাতীয় পর্যায়ে ১২তম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে সে।
উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানার সন্তান সাফওয়ান তুলিব। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও কৌতূহলী তুলিবের এই কৃতিত্বপূর্ণ অর্জনে পরিবার ও বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দের জোয়ার বইছে।
সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতামূলক মেধা বৃত্তি পরীক্ষায় তুলিবের এই অর্জন উপজেলার প্রাথমিক শিক্ষার মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। ৯২.৫ নম্বর পেয়ে মেধা তালিকার শীর্ষে স্থান করে নেওয়া তার কঠোর পরিশ্রম, ধারাবাহিক অধ্যাবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনারই ফল।
তুলিবের এই অসাধারণ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সাফওয়ান তুলিব আমাদের বিদ্যালয় তথা পুরো এলাকার গর্ব। তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সে অত্যন্ত মনোযোগের সাথে পড়ালেখা করেছে এবং এই ফলাফলের যোগ্য দাবিদার। আমরা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যেও এই সাফল্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। সবাই একযোগে সাফওয়ান তুলিবের আগামী দিনের শিক্ষা জীবনের সাফল্য এবং এক সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছেন।

তুলিবের মাতা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা বলেন, “সন্তানের এই অর্জনে মা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সকল শিক্ষকের সঠিক নির্দেশনা ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় সে আজ এই সাফল্য পেয়েছে। ভবিষ্যতে যেন সে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চাই।”















