সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তারের তীব্র নিন্দা বিপিজেএফের, নিঃশর্ত মুক্তির দাবি
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ‘ভয়েজ বিডি ২৪ ডটকম’-এর সম্পাদক কাজী শরিফুল ইসলাম শাকিলকে একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়।
এই গ্রেপ্তারের ঘটনায় বুধবার বিকেলে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম বাবু এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও প্রতিবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের এবং গ্রেপ্তার স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, কোনো সাংবাদিক বা সাংবাদিক নেতাকে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি কিংবা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে পেশাগত ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের মনে ভীতি সৃষ্টি করে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে।
বিপিজেএফ নেতৃবৃন্দ অবিলম্বে কাজী শরিফুল ইসলাম শাকিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি সমগ্র ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিপিজেএফ।
উক্ত বিবৃতিতে সংগঠনটির পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম রেজাউল করিম।









