নরসিংদীতে রায়পুরা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত
নরসিংদীতে সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আয়োজিত হলো ‘রায়পুরা কল্যাণ সমিতি, নরসিংদী’-র নব-গঠিত কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে এই অনাড়ম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন হোসাইন বিদ্যুৎ নব-গঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন—
ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর অধ্যক্ষ ডা. সৈয়দ আমিরুল হক শামীম, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম বাদল ও সাইফুল ইসলাম বাহাদুর, এবং নরসিংদী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের প্রাক্তন ও বর্তমান অধ্যাপকবৃন্দ।
বক্তারা বলেন, রায়পুরা কল্যাণ সমিতি দীর্ঘ সময় ধরে শিক্ষা ও জনসেবায় যে ভূমিকা রেখে আসছে, নতুন কমিটির হাত ধরে তা আরও গতিশীল হবে। তারা সমাজের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া তার বক্তব্যে সংগঠনের সুশাসন ও ঐক্যবদ্ধ কার্যক্রমের ওপর বিশেষ জোর দেন। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. শহিদুল্লাহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনকল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সিনিয়র সহ-সভাপতি এম. মোজাম্মেল হকের সঞ্চালনায়, অভিষেক পর্বের মধ্য দিয়ে নব-গঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে নরসিংদীর জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন এক গতির সঞ্চার হলো বলে আশা করছেন সংশ্লিষ্টরা।









