শিবপুরে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে মারধর ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঢাকা ও গাজীপুরে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ওমর ফারুক (৩৪), নিজাম উদ্দিন ওরফে মিজান (৩০) এবং মো. সাইফুল ইসলাম ফকির (৩২)। অভিযানে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ ৫০ হাজার ২৫০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পিবিআই সূত্র জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবপুরের চৈতন্য বাসস্ট্যান্ডে স্থানীয় বাসিন্দা মো. মামুনুর রশীদ (৪২) ঢাকার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বাসের সমপরিমাণ ভাড়ায় সাইনবোর্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তিনি একটি প্রাইভেটকারে ওঠেন। গাড়িতে আগে থেকেই যাত্রীবেশে ওটিম তিন সদস্য অবস্থান করছিলেন।
গাড়িটি কিছুদূর যাওয়ার পরপরই চক্রের সদস্যরা মামুনুর রশীদকে লোহার রড ও পাইপ দিয়ে ভয় দেখিয়ে চোখ বেঁধে মারধর শুরু করে। তারা ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে সাথে থাকা নগদ ৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে জিম্মি রেখে ভুক্তভোগীর নিজ বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট থেকে ২ লাখ ২০ হাজার টাকা এবং পরিবারের কাছ থেকে আরও ২ লাখ টাকাসহ মোট ৪ লাখ ২৭ হাজার টাকা আদায় করে। টাকা আদায় শেষে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
ঘটনার পর ১ আগস্ট ভুক্তভোগী বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেন। ২৭ আগস্ট পিবিআই নরসিংদী স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে। সিসিটিভি ফুটেজ, স্থানীয় তথ্য এবং মোবাইল ব্যাংকিং লেনদেন বিশ্লেষণ করে ২৮ আগস্ট গাজীপুরের বোর্ডবাজার এলাকার একটি গ্যারেজ থেকে মূল অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে গাছা থানার কাতরা এলাকা থেকে নিজাম উদ্দিন ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে এবং পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে যাত্রী অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।









