জনপ্রিয়তার ভিত্তিতেই স্থানীয় সরকারে মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী
আগামী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ) নির্বাচনে ত্যাগের পাশাপাশি জনগণের কাছে জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনাকে মূল মাপকাঠি ধরে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সামনে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কার কী অবস্থা, তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন। আমরাও সার্বিক রিপোর্ট পাঠাব, তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনীত করবেন, সবাই তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও স্পষ্ট করেন, শুধু মিছিল-মিটিং বা রাজনৈতিক নির্যাতনের শিকার হলেই মনোনয়ন নিশ্চিত নয়। যদি তিনি নির্বাচনে বিজয়ী হতে না পারেন, তবে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব হবে না। জনপ্রিয় প্রার্থীকেই নির্বাচন করা হবে, আর ত্যাগী নেতাদের অন্য বিভিন্ন পদে মূল্যায়িত করা হবে।
স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, দেশবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি জেলায় জেলায় হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করছেন। এর ফলে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত হচ্ছে এবং পরিচ্ছন্নতা ও সেবার সামগ্রিক মান উন্নত হচ্ছে। আগামী এক বছরে স্বাস্থ্য খাতে একটি দৃশ্যমান ও আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আবদুস সামাদ আকন্দ বকুলসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে মন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।









