নরসিংদীর চৌয়ালাতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত ২
নরসিংদী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের চৌয়ালা এলাকায় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে শহীদুল ওরফে বাবু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাইসহ আরও দুজন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌয়ালা এলাকার প্রয়াত মেয়র লোকমান হোসেন স্কুলের পেছনে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শহীদুল চৌয়ালা গ্রামের আবদুল কাদির মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলি শুরু হলে একটি গুলি শহীদুলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত শহীদুলের বড় ভাই রুবেল (৩০) ও মিরাজ (২২) মারাত্মকভাবে আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, চৌয়ালা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে, যা নিয়ে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সাম্প্রতিক সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ নিয়ে স্থানীয়রা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাননি।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের একটি চৌকস দল ইতিমধ্যেই অভিযানে নেমেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নিরাপত্তার জন্য পুলিশি পাহারা নিশ্চিত করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে।









