মনোহরদীতে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
নরসিংদীর মনোহরদীতে ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: আজিজল হক, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মাহতাবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা কৃষি অফিসার রুনা আক্তার সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।
এ কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এসময় স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।









