শিবপুরে জেলা প্রশাসনের অভিযান: মাধবদী পৌরসভার নিখোঁজ ২ ট্রাক ও পে-লোডার উদ্ধার
নরসিংদীর শিবপুরে জেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে মাধবদী পৌরসভার নিখোঁজ হওয়া দুটি ড্রাম ট্রাক এবং একটি পে-লোডার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত ‘চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস’ গ্যারেজে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল।
যানবাহন শনাক্তকরণ ও উদ্ধার
অভিযান সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সরকারি যানবাহনগুলোতে কোনো রেজিস্ট্রেশন বা নাম্বার প্লেট ছিল না। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িগুলো তাদের পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে গ্যারেজ মালিকও বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত এসব যানবাহন পুনরায় মাধবদী পৌরসভায় ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গ্যারেজ মালিকের বক্তব্য
জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক জনাব তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের (ছাত্র-জনতার গণঅভ্যুত্থান) বেশ কিছুদিন আগে মাধবদী পৌরসভার মোট ৪টি ড্রাম ট্রাক ও ১টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়েছিল। এর মধ্যে দুটি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্টের আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে অবশিষ্ট দুটি ড্রাম ট্রাক এবং পে-লোডারটি দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজেই পড়ে ছিল।
৫ আগস্টের পটপরিবর্তনের পর দীর্ঘদিন পার হলেও পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ না করার বিষয়টি স্বীকার করে গ্যারেজ মালিক জানান, এটি তাঁর একটি অনভিপ্রেত ত্রুটি ছিল।









