শিবপুরে অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে একাধিক চাঞ্চল্যকর অস্ত্র মামলার পলাতক আসামি শাহজালাল আহাম্মেদ সানী ওরফে শুটার সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে শিবপুর উপজেলার ইটাখোলার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সিপিএসসি এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শুটার সানি শিবপুর উপজেলারর শাহপুর এলাকার (কারারচর) মো: জামাল উদ্দিন খোকার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বছরের ১৪ জানুয়ারি কারারচর এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। পরে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ শিবপুরের জামাল উদ্দিন খোকা মিয়া, আলমগীর, আজিজুল, ফয়সাল, সেলিনা, স্বপ্না ও শামসুন্নাহারকে গ্রেপ্তার করা হয়। এই অভিযান পরিচালনাকালে তাদের সাথে থাকা শুটার সানি তার ভাই শাহ আলম মিঠু কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই দ্রুত জড়িত অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব -১১ আভিযানিক দল তৎপরতা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে গোপন তথ্যোর ভিত্তিতে ইটাখোলার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে শুটার সানিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ নরসিংদীর র্যাব কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করার জন্য শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।









