চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, চালাকচর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোকেয়া আক্তার ও মাসুদা আক্তার, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিরোধ নিষ্পত্তি হওয়ায় সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে।
বক্তারা আরও জানান, ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র ২০ টাকা এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে ১০ টাকা ফি দিয়ে ইউনিয়ন পরিষদে আবেদন করা যায়। এছাড়া তিন লাখ টাকার কম মূল্যমানের নির্ধারিত বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
ক্যাম্পেইনে স্থানীয় জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং ন্যায়বিচার প্রাপ্তির সহজ এই ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি ও অধিকতর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।










