শিবপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল ২ এইচএসসি পরীক্ষার্থীর
নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো—নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিজ এবং একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে স্বাধীন। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক (ইটাখোলা) থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।









