নরসিংদীতে সিন্ডিকেট ও করপোরেট আধিপত্যের বিরুদ্ধে হুঁশিয়ারি পোলট্রি খামারিদের
উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য নিশ্চিত, পোলট্রি খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে করপোরেট আধিপত্য বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নরসিংদীর পোলট্রি খামারিরা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলায় নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধন শেষে মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এসময় তাদের হাতে ছিল—‘পোলট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর’, ‘খাদ্যের মূল্য কমাও, খামারি বাঁচাও’ ও ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো’—লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।
অভিযোগ করে খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম ধারাবাহিকভাবে বাড়লেও ডিম এবং মুরগির বাজারমূল্য উৎপাদন ব্যয়ের নিচে নেমে গেছে। ফলে দীর্ঘদিন ধরে লোকসান গুনতে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের। এছাড়া অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, বাজারে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ও বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে সাধারণ খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে পোলট্রি শিল্পের বিকল্প নেই। তারা দ্রুত বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ ও খামারিদের সুরক্ষায় কার্যকর সরকারি পদক্ষেপের দাবি জানান।
অন্যথায়, সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।









