নরসিংদীতে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নরসিংদীর মেঘনা নদী থেকে আনুমানিক ২২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে করিমপুর নৌ পুলিশ। রোববার (৩০ আগস্ট) বিকেলে শহরের নাগরিয়াকান্দি ব্রিজের দক্ষিণ পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মেঘনা নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি; তবে তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।









