মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদীতে পুলিশি অভিযানে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর (ঋষিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মনোহরদী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রসুলপুর এলাকার নিখিল চন্দ্র মনিদাস (৯০) এবং তার স্ত্রী লিপি চন্দ্র মনিদাস (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে রসুলপুর ঋষিপাড়া এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশের একটি টিম। অভিযানকালে ওই এলাকার নিখিল চন্দ্র মনিদাসের বসতঘর থেকে ৩০০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। মাদক সরবরাহের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
মনোহরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।












